ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ভোট দিয়েছেন।
শনিবার সকাল আটটা ৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের মানারাত স্কুল এন্ড কলেজের ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। ভবনটির তৃতীয় তলায় পঞ্চম নম্বর কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট দেন তিনি।
এর আগে সকাল সাতটা ৫৭ মিনিটে বাবা আব্দুল আওয়াল মিন্টু ও পরিবারের সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে যান তাবিথ আউয়াল। ভোট প্রদান শেষে বিজয় চিহ্ন দেখান তিনি।
আজ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির আরেক মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ভোট দেবেন মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।
গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৯ জানুয়ারি। ভোটগ্রহণের তারিখ ৩০ জানুয়ারি থাকলেও ওইদিন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় তা পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। গত ১০ জানুয়ারি প্রচার শুরু হয়ে বৃহস্পতিবার প্রচার শেষ হলো। মোট ২১ দিন প্রচারের সুযোগ পান প্রার্থীরা।
এএস





