জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে ২০ দলীয় জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ বলেন, ‘সরকার পর্যায়ক্রমে একদলীয় শাসন ব্যবস্থায় বাকশালের পথে হাঁটছেন। যে কারণে জাতীয় সম্প্রচার নীতিমালার মধ্য দিয়ে গণমাধ্যমের নিয়ন্ত্রণ হাতে নিতে চাইছেন, যার অর্থ হলো ক্ষমতায় টিকে থাকার জন্য যত রকমের অন্যায় করা হোক না কেন, তা যেন প্রচার না হয়।’

তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘গণবিমুখ এই নীতিমালা আওয়ামী লীগের জন্যই এক সময় কাল হয়ে দাঁড়াবে।’

দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির অধ্যাপক আমিনুল ইসলাম খসরু।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই