নারায়ণগঞ্জের বন্দরে মাওলানা মিজানুর রহমান আজাহারীর ওয়াজ মাহফিলে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
ইসলাম ধর্মগ্রহণ করা নূর মোহাম্মদের পূর্ব নাম ছিল রাজু চন্দ্র সরকার। তার বাবার নাম নকুল চন্দ্র সরকার।
মিজানুর রহমান আজহারীর আগমন ঠেকাতে ও ওয়াজ মাহফিল নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছিল এলাকাবাসীর একাংশ।
১৮ ও ১৯ ডিসেম্বর বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ি এলাকার পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় মাহফিলে আজহারী আসবেন জেনে ১৭ ডিসেম্বর স্মারকলিপি প্রদান করেছিলেন গাজী মুহাম্মদ তামিম বিল্লাহ আল কাদরী নামের স্থানীয়।
তবে সেই স্মারকলিপিতে প্রশাসনের সাড়া না মেলায় বন্ধ করা যায়নি মিজানুর রহমান আজাহারীর আগমন।
গতকাল (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে বন্দরের ওই মাহিফলে অগণিত ধর্মপ্রাণের সমাগমে মাহফিল করেছেন এ সময়ের আলোচিত ও সমালোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।
আজহারীর বক্তব্য শেষে তার কাছে কালেমা পড়ে রাজু চন্দ্র সরকার নামের এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয় নূর মোহাম্মদ।
ইসলামে দিক্ষিত হওয়ার সময় মুসল্লিদের উদ্দেশে মাইকে নওমুসলিম নূর মোহাম্মদ বলেন, আমি ইসলাম ধর্ম বিষয়ে আগে খুব পড়াশোনা করেছি। এরপর বাপ-দাদার ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছি। আমি চাই না আমার কারণে আমার বাবা-মা কষ্ট পাক। এ ব্যাপারে কেউ তাদের কটু কথা বলুক।
ওই নওমুসলিম আরও বলেন, আমার এই ধর্মগ্রহণ কেবল ব্যক্তিগত চিন্তা ও বিশ্বাস থেকেই। আমাকে কেউ এর জন্য কোনো প্ররোচনা বা চাপ সৃষ্টি করেনি। আমি সজ্ঞানে ও সেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি। ইসলাম সম্পর্কে জানতে আজ আমি অনেক ঝুঁকি নিয়ে মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে এসেছি।
প্রসঙ্গত সম্প্রতি ইসলাম বিষয়ে বক্তব্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মিসরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে ফেরা এই মাওলানা। তবে তাকে নিয়ে নানা বিতর্কও চলছে। বিভিন্ন মাহফিলে যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত বাংলাদের জামায়েত ইসলামী দলের নেতা দেলোয়ার হোসে সাঈদীর প্রশংসায় বক্তব্য দিতে দেখা গেছে। এছাড়াও ওয়াজে বিভিন্ন শব্দ ও ভাষার ব্যবহার নিয়েও তার সমালোচনা করা হয়েছে।
এমবি





