টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই টেম্পুর এক নারী যাত্রীসহ তিনজন নিহত ও দুইজন আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





