গাজীপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতির নেতৃত্বে গতকাল স্থানীয় গাছা বাজার এলাকায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা। এ সময় সন্ত্রাসীদের ফাঁকাগুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে ভীত সংখ্যালঘু পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, গতকাল বেলা দেড়টায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি রাকিব মণ্ডলের নেতৃত্বে একদল সন্ত্রাসী গাছা বাজার সংলগ্ন চন্দন রবিদাস ও প্রদীপদের বাড়িতে হামলা চালায়।
সন্ত্রাসীরা বাড়িতে বেশ কয়েকটি ককটেল ও ফাঁকাগুলির বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং আসবাবপত্র ভাঙচুর ও রাম দা দিয়ে টিনের বেড়া কেটে ফেলে। সন্ত্রাসীদের তাণ্ডবে ভীতসন্ত্রস্ত হয়ে সংখ্যালঘু পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। সন্ত্রাসীদের হামলায় প্রদীপ, পাশের বাড়ির শেখ রাসেল, সফিকুল, নাজমুল হোসেন ও পাশের মার্কেটের ব্যবসায়ী নূর আলী, ফসি আহত হন। আহতদের টঙ্গী ও আশপাশ বিভিন্ন হাসপাতাল ও কিনিকে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে প্রদীপের কান কেটে দিয়েছে সন্ত্রাসীরা।
সংখ্যালঘু পরিবারের সদস্যরা জানান, সংখ্যালঘু পরিবারের সদস্যরা স্থানীয় এক যুবলীগ নেতার সহায়তায় ছাত্রলীগ নেতার মাদকের আস্তানা বন্ধের চেষ্টা করলে তাদেরকেও (সংখ্যালঘুদের) মাদক ব্যবসার সুবিধা নেয়ার প্রস্তাব দেন ওই ছাত্রলীগ নেতা। কিন্তু তারা বরাবরই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
একপর্যায়ে গতকাল ছাত্রলীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা সংখ্যালঘু ও তাদের সমর্থনকারীদের বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালায়।
এম আর





