বরিশাল আগৈলঝাড়া উপজেলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং এক পুলিশ কর্মকর্তাসহ ৪ দোকানি আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে গৌরনদী,উজিরপুর ও বরিশাল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজার কমিটির সভাপতি আ. মালেক হাওলাদার বলেছেন, ’সাহাদাৎ গার্মেন্ট’ নামে একটি কাপড়ের দোকান থেকে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।মূহুর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকান গুলোয় ছড়িয়ে পড়ে ৩২ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
অন্য দিকে আরো ২২ টি দোকান আংশিক পুড়েছে।এতে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগেই পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ওই সময় থানার এসআই রাজুসহ ৪ জন আহত হয়েছে।
গৌরনদী অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা আইনুল ইসলাম জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষনিক ভাবে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হওয়ায় শতাধিক দোকান অক্ষত রয়েছে।
এসএইচ





