সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। আমি এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান । যতদিন বেঁচে আছি জাতীয় পার্টি ধরে রাখব।
সোমবার দুপুরে ঝালকাঠিতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, আমাদের সংগঠন শক্তিশালী করে আগামী র্নিবাচনে অংশ নেব। আমার চাই ১৫১ আসন । এটাই আমাদের স্লোগান। আমরা ১৫১ আসন নিয়ে আগামীতে সরকার গঠন করব।
তিনি বলেন, বিএনপি ঘরেও নেই, রাস্তায়ও নেই। জাতীয় পার্টি রাজপথে ও আন্দোলনে আছে।
জেলা শিল্পকলা হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন : পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, যুগ্ম-দপ্তর সম্পাদক আবুল হাসান আহম্মেদ জুয়েল।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ইউসুফ আলী মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সম্মেলন শেষে বজলুল রহমানকে সভাপতি ও মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





