প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত প্রতিকূল অবস্থার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করবে আওয়ামী লীগ।
আজ সোমবার (১২ আগস্ট) সকালে গণভবনে ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনগণের শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন সরকার প্রধান।
গণমানুষের ভবন গণভবনে আরো একবার প্রাণের উচ্ছ্বাসে মিলিত হলো হাজারো মানুষ। ঈদ শুভেচ্ছা বিনিময়ের এ আয়োজনে ছিল না ধর্ম-বর্ণ, বয়স কিংবা শ্রেণি-পেশার ভেদাভেদ। অসহায়-দুস্থ থেকে শুরু করে গণভবনে সরকার প্রধানকে শুভেচ্ছা জানাতে আসেন ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুভেচ্ছা বিনিময়ের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় অতীতের মতো আগামীতে কেবল মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
দলীয় নেতাকর্মীদের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যও ছিলো আওয়ামী লীগ সভানেত্রীর। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সবার সহযোগিতা চান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এএস





