চাঁদপুরের হরিণাঘাট এলাকায় পুলিশের সঙ্গে জেলেদের সংর্ঘষ হয়েছে। এতে চার পুলিশসহ সাতজন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকায় তিন জেলেকে আটক করা হয়েছে।
চাঁদপুরে নৌ পুলিশের উপ পরিদর্শক মোশাররফ হোসেন জানান, হরিণাঘাট এলাকায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল-নৌকা নিয়ে একদল জেলে মাছ ধরছিল। এ সময় পাশের আলুবাজার ফাঁড়ির পুলিশ নদীতে টহল দিচ্ছিল। মাছ ধরারত জেলেদের বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা করে।
এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় চার পুলিশসহ সাতজন আহত হয়। এ সময় পুলিশ তিন জেলেকে আটক করে।
এ দিকে পুলিশের ওপর হামলার অভিযোগে আটককৃত তিন জেলের বিরুদ্ধে শনিবার সকালে মামলা রুজু হয়েছে। পরে তাদের জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।
কেএইচ





