চট্টগ্রাম নগরীতে র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের কথিত ‘বন্দুকযুদ্ধে’ ফারুক (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ (শুক্রবার) সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সহকারী পরিচালক কর্নেল মিফতা উদ্দীন আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কোতোয়ালি থানার আইস ফ্যাক্টরি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক পুলিশের খাতায় ‘বস ফারুক’ বা ‘বাইট্টা ফারুক’ নামেও পরিচিত। তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের সহকারী পরিচালক জানান, ফারুক একজন মাদকসম্রাট। তাঁকে ধরতে গতকাল রাতে র্যাব অভিযান চালায়। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। পাল্টা গুলি চালালে ফারুক ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শ্যুটারগান, ২ লাখ ইয়াবা ও বিপুল ফেনসিডিল উদ্ধার করা হয় বলেও দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এমবি





