যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন যুবলীগের পদ বঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার সকাল সোয়া ১১টার দিকে ওই মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর এলাকায় যুবলীগের শতাধিক নেতাকর্মীরা এ অবরোধ করেন।

অবরোধের নেতৃত্বদানকারী যুবলীগের ভেঙে যাওয়া কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, জেলার কমিটির সঙ্গে আলোচনা না করে কেন্দ্রের কমিটি আশুগঞ্জ উপজেলার কমিটির ঘোষণা দেয়। তার ঘোষিত এ কমিটিতে যোগ্য ও পরিশ্রমী সদস্যদের রাখা হয় নাই বলে অভিযোগ করেন তিনি। এ কমিটিতে মোটা অঙ্কের টাকায় রফা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এদিকে, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ফলে দু’পাশে এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, যুবলীগের অবরোধে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

দুপুর পৌনে ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিলো।

এএইচ