দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষেহেলপার ও একজন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে টাঙ্গাইলের জোকারচর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ট্রাকের শ্রমিক হাসান আলী ও হেলপার আ. হানিফ। তাদের বাড়ি টাঙ্গাইলের অলোয়াভবানী এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, সকালে ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক উপজেলার যোগারচর এলাকায় দাঁড়িয়েছিল। এসময় উত্তরবঙ্গগামী সিমেন্ট ভর্তি একটি কাভার্ডভ্যান ওই এলাকায় এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দু’টি গাড়িই মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই ট্রাকের শ্রমিক হাসান আলী নিহত ও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ট্রাকের হেলপার হানিফকে মৃত ঘোষণা করেন।
এআর





