ভোলার দৌলতখানের মেঘনায় অভিযানে চালিয়ে দেড় লাখ মিটার কারেন্ট, মশারী সুতা ও বেহুন্দি জালসহ ৫ জেলে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোস্টগার্ড ও মৎস্য অফিসের একটি টিম এসব জাল ও জেলে আটক করে।
আটককৃত জেলেদের ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা আদায়কৃত জেলেরা হলেন, বারেক, ইউসুফ মাঝি, নুরে আলম, বাবুল ও ইউসুফ। এদের বাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
দৌলতখান উপজেলা প্রশাসনের সূত্র জানায়, ইলিশের অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ কর্মসূচীর আওতায় দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড ও মৎস্য অফিসের একটি মেঘনায় অভিযানে নামে।
অভিযান দলটি দুপুর ১২টা পর্যন্ত মেঘনার পাতার চর, ভবানীপুর লঞ্চঘাট, হাজিপুরসহ বিভিন্ন পয়েন্টে থেকে নিশিদ্ধ জালসহ ৫ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়। জব্দকৃত জালগুলো মেঘনায় পাড়ে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা সকল ধরনের জাল ফেলা ও মাছ শিকারের নিষেধাজ্ঞা জারী করা হয়।
এআর





