নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিমকে উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার রাত সোয়া ৩টার দিকে জগিখালি ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মো. আব্দুর রহিম (৫০) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের দৌয়ালিয়া গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে।
বেগমগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আইনুল হক জানান, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম অপহরণের পর থেকে আমরা আলাইয়াপুরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি।
অভিযান চলাকালে রাত সোয়া ৩টার দিকে আলাইয়াপুরের জগিখালি ব্রিজ এলাকার একটি ব্রিকফিল্ড (ইটভাটা) থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অপহৃত আওয়ামী লীগ নেতাকে সন্ত্রাসী আলম বাহিনী অপহরণ করেছে। তবে উদ্ধারের সময় আমরা কোনো অপহরণকারীকে পাইনি। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ-ছয়ানী সড়কের ছয়ানী রাস্তার মাথায় এলাকায় থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
কেএইচ





