অতিমাত্রায় হরতাল অবরোধ দেয়ার কারণে বিএনপি ধীরে ধীরে অকার্যকর দলে পরিণত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে সাভারের বিরুলিয়া এলাকার তুরাগ নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনা কিংবা সংলাপের কোনো সুযোগ নেই। এছাড়াও জনগণের অংশগ্রহণ না থাকায় বিএনপি গত ৫৪ দিনেও হরতাল অবরোধকে কার্যকর করতে পারেনি। তবে তাদের চোরাগোপ্তা হামলার শিকার হয়ে জীবন্ত পুড়ে মরছে সাধারণ মানুষ। তাই বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন রয়েছে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান এবং ইলিয়াস মোল্লাসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা।

জেআই