আগামীকাল বুধবার সকাল থেকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

বিআরটিসির সব ডিপো থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম টিকিট পাওয়া যাবে।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে পর্যালোচনা সভা শেষে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, একযোগে রাজধানীর বিআরটিসির মতিঝিল, জোয়ারসাহারা, কমল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও ঢাকার ফুলবাড়িয়া সিবিএস- ২ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

যাত্রীদের সুবিধার্থে ১৬১টি বাস স্ট্যান্ড বাই রাখা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপো থেকে যাত্রী চলাচলের সুবিধার্থে ৫৫টি বিআরটিসির বাস প্রস্তুত থাকবে। ঢাকা ও ঢাকার বাইরের ডিপো মিলে মোট ৯০০টি বাস এই সেবায় অন্তর্ভুক্ত হবে। বাসগুলো ঢাকা ও ঢাকার বাইরের ডিপো থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেবে।

সেতুমন্ত্রী আরও বলেন, আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিন ২৪ ঘন্টাব্যাপী ঢাকার এলেনবাড়ি বিআরটিএর সদর কার্যালয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর: ৯১৩০৬৬২ ও মোবাইল নম্বর: ০১৯৬৬৬২২০১৯। নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পারসন হিসেবে সার্বিক দায়িত্বে থাকবেন যুগ্মসচিব মো: আব্দুল মালেক। তার মোবাইল নম্বর: ০১৭৩০৭৮২৯৪৬।

পর্যালোচনা সভায় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ মন্ত্রণালয় এবং সওজ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএইচ