আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার সময় চলমান হরতাল ও অবরোধ বন্ধের দাবিতে রংপুরে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ মানববন্ধন করেছে সহস্রাধিক শিক্ষার্থী।
বুধবার বেলা ১১টায় অরাজনৈতিক সংগঠন জাগো রংপুরের ব্যানারে মহানগরীর ১০টি পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজপথের দু’পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রংপুর মহানগরীর ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থী, শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক, রাজনীতিক, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষসহ সুশীল সমাজের লোকজন অংশ নেন।
এ সময় নগরীর বিভিন্ন পয়েন্টে বক্তব্য রাখেন-জাগো রংপুরের আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, সদস্য সচিব ডা. সৈয়দ মামুনুর রহমান, বাসদ নেতা কমরেড আব্দুল কুদ্দুস, ওয়ার্কাস পার্টির নেতা কাজী মাজিরুল ইসলাম লিটন, নারী নেত্রী মনোয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা নবী উল্লাহ পান্না, শামীম তালুকদার, নাট্যকর্মী সিরাজুল ইসলাম সিরাজ, মোতাহার রহমান রাজু, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম, শিক্ষক পিষিদাস মহন্ত, সমাজ উন্নয়নকর্মী দেবদাস বসু, রকিবুল হাসান রকেট, ছাত্র মাফরুহা, সিনথিয়া, ওমর হোসেন, ইমরান প্রমুখ।





