সরকারের সাবেক সচিব ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার রাতে এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মাহবুবুর রহমান দীর্ঘ পেশাগত জীবনে সর্বাত্মক আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং দেশের উন্নয়নে অবদান রেখেছেন।
মহান মুক্তিযুদ্ধে মাহবুবুর রহমানের অমূল্য অবদানের কথাও স্মরণ করেন শেখ হাসিনা। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক সচিব ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
গত ১৩ জুন দুপুরে মাহবুবুর রহমান তার সিদ্ধেশ্বরীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৪ জুন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় এখানেই মৃত্যুবরণ করেন তিনি।
মাহবুবুর রহমান দীর্ঘ চাকরি জীবনে পাবনার জেলা প্রশাসক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও ভূমি) ছাড়াও সরকারের বহু দায়িত্বশীল পদে আসীন ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।
এসএম





