আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন থেকে বিএনপি সরে যাওয়ার অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি সিটি নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে। তবে এমন সিদ্ধান্ত তাদের জন্য হবে আত্মঘাতি। আশাকরি, ৫ জানুয়ারির ভুলের পুনরাবৃত্তি বিএনপি করবে না।’
বুধবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১৯৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত ‘মুছাপুর ক্লোজার’ নির্মাণ কাজ পরিদর্শনে এসে স্থানীয়দের এক স্বাগতম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সিটি নির্বাচন নিয়ে বিএনপির কয়েক নেতার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এরপরও বিএনপি নির্বাচনে অংশগ্রহণকারী দল হিসেবে লেবেল প্লেয়িং বা তাদের প্রচারে যদি কোনো প্রকার অসুবিধার সম্মুখিন হয় তাহলে আমরা তাদের সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’
সেতুমন্ত্রী বলেন, ‘দেশে এই সরকারের অধিনে ৯টি সিটি নির্বাচন হয়েছে। যার মধ্যে ৭টিতে বিএনপি জয়ী হয়েছিল। তারপরও তারা সরকারি দলের বিরুদ্ধে কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগ এনেছে। কিন্তু ফলাফলের পর আর তাদের কোনো অভিযোগ থাকেনা।
কোম্পানীঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বীর প্রতীক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, মহাপরিচালক মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক যতি দাস কুন্ডু, বাংলাদেশ ডিজেল প্ল্যাট লি. এর ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আসিফ আহমেদ আনসারী, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান প্রমুখ।
জেআই





