গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) চান্দনা চৌরাস্তা বাজার এলাকায় হামলার শিকার হয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিম। এসময় তাদের বহনকারী একটি গাড়ি ভাংচুর করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুরের বাজার কর্মকর্তা আব্দুস সালাম জানান, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা সকালে চান্দনা চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ওই বাজারের গোবিন্দ ট্রেডার্সে নামে একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ এবং মূল্য তালিকা দেখতে না পেয়ে ওই দোকানকে জরিমানার করার কথা বলেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

এনিয়ে কিছুটা বাকবিতণ্ডার এক পর্যায়ে অতর্কিতভাবে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায় ওই দোকানের লোকজনসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ি ভাংচুর করে হামলাকারীরা।

পরে পুলিশের সহায়তায় ওই স্থান ত্যাগ করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

ওএফ