ফিলিস্তিনের গাজা উপত্যকায় সন্ত্রাসী হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদী ইসলাইলের ওপর প্রচন্ড চাপ সৃষ্টির আহবান জানিয়েছে শত নাগরিক জাতীয় কমিটি।
রোববার এক বিবৃতিতে শত নাগরিক নেতৃবৃন্দ বলেন, 'পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েকদিন ধরে মানবতার শত্রু হিসেবে চিহ্নত সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরাইল যে বর্বরোচিত হামলা চালিয়েছে আমরা তীব্র ভাষায় তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
আমরা মনে করি, ইসরাইলী বাহিনীর এ হামলা সাম্প্রতিককালের সবচেয়ে বড় নিষ্ঠুর এবং মর্মান্তিক সামরিক অভিযান।
অসভ্য এ হামলা প্রসঙ্গে শত নাগরিক মনে করে আধিপত্যক্ষুধা মেটাতে ইসরাইল মানবিকতার সব চিহ্ন মুছে ফেলে সন্ত্রাসবাদকেই রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করেছে। ইসরাইলের এই আচরিত নীতির কারণেই নারী-শিশুসহ অসংখ্য ফিলিস্তিনির রক্ত ঝরছে এবং নিজ বসতভিটা থেকে ফিলিস্তিনিরা অতীতেও যেমন উচ্ছেদ হয়েছে তেমনিভাবে এখনো হচ্ছে।
তারা বলেন, গত কয়েকদিনে নির্বিচারে বর্বরোচিত বিমান হামলায় দেড় শতাধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে হামলা থেকে নারী,শিশু ও বৃদ্ধারাও রেহাই পাচ্ছে না। সহস্রাধিক ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। বিপন্ন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে অসংখ্য বাড়িঘর ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। গাজা উপত্যকায় লোকালয়ের পর লোকালয় এখন বিরাণভূমিতে পরিণত হয়েছে। দিশেহারা হয়ে জীবন বাঁচাতে গিয়ে এখন হাজার হাজার ফিলিস্তিনি নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন।
তারা অবিলম্বে এ হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদী রাষ্ট ইসলাইলের ওপর প্রচন্ড চাপ সৃষ্টির আহবান জানান। পাশাপাশি ইসরাইলি সামরিক হামলায় নিহত ফিলিস্তিনিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা,তাদের নিকটজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন- শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক প্রফেসর এমাজউদ্দীন আহমদ,যুগ্ম আহ্বায়ক বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ, মোহাম্মাদ আসাফ উদ দৌলা, ড. মাহবুব উল্যাহ ও সদস্য সচিব আবদুল হাই শিকদার।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





