বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যশোর আদালতে আরেকটি মানহানির মামলা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে চৌগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজাহান কবীর বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৫ লাখ টাকার এ মানহানি মামলা দায়ের করেন।
বিচারক মিল্টন হোসেন অভিযোগ আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করে আগামী ২১ জানুয়ারি আদালতে হাজিরের আদেশ দিয়েছেন।
মামলার আইনজীবী শাহানুর আলম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, লন্ডনে বিএনপির এক সভায় তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার, পাকবন্ধু ও আওয়ামী লীগকে মোনাফেকের দল বলে বক্তব্য দেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তারেকের এ বক্তব্যে বঙ্গবন্ধুর মানহানি হয়েছে। তিনি এ ব্যাপারে ন্যায় বিচার দাবি করেছেন।
মামলার আইনজীবী আরো জানান, ৫০০/৫০১ ধারায় মামলাটি করা হয়েছে। আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে সমন জারি করেছেন।
ইআর