প্রতিবেশী দেশ মিয়ানমারের সীমান্ত সংলগ্ন বাংলাদেশের সীমান্তে সড়ক নির্মাণের প্রস্তাব করেছে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) কে এম তারিকুল ইসলাম।
জানা গেছে, দুই দেশের সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ, জঙ্গী ও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গ্রুপের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে এবং পপিচাষ ও ইয়াবা জাতীয় মাদকের চোরাচালান ঠেকাতেই বান্দরবানের বিস্তীর্ণ সীমান্তে সড়ক নির্মাণের প্রস্তাব করেছে বান্দরবানের জেলা প্রশাসক।
পাশাপাশি বাংলাদেশ ও মায়ানমারের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করার প্রস্তাবও দিয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম তার প্রস্তাবে বলেছেন, ‘বান্দরবান পার্বত্যজেলার থানচি এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার সঙ্গে মায়ানমারের বিস্তীর্ণ সীমানা রয়েছে। সীমান্ত এলাকায় সড়ক যোগাযোগ না থাকায় আইনপ্রয়োগকারী সংস্থাগুলো টহল জোরদার করতে পারছে না। দ্রুত সীমান্ত সড়ক নির্মিত হলে মাদক চোরাচালনসহ রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যাবে।’
‘দুই দেশের দুর্গম সীমান্ত দিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের সহজে অনুপ্রবেশের সুযোগ রয়েছে। ওই সকল সন্ত্রাসীরা দুর্গম পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।’
বান্দরবানের জেলা প্রশাসক পার্বত্য এই অঞ্চলে মোবাইল ট্র্যাকিং ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা নজরদারি বাড়ানোর প্রস্তাব করেছেন ও সন্ত্রাসীদের অনুপ্রবেশ রোধ এবং তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করার উপরও গুরুত্বারোপ করেছেন।
জেলা প্রশাসক তার প্রস্তাবে আরও বলেছেন, ‘জেলার সবচেয়ে দুর্গম থানচি উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বলিপাড়া, তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে পুলিশ ফাঁড়ি স্থাপন জরুরি হয়ে পড়েছে। এছাড়া সীমান্তে পপি চাষ ও চোরাচালান প্রতিরোধসহ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে বিজিবি ক্যাম্প স্থাপন করা প্রয়োজন।’
মঙ্গলবার ৩ দিনব্যাপি জেলা প্রশাসকদের সম্মেলন শুরু হতে যাচ্ছে। এই সম্মেলনকে কেন্দ্র করে প্রতিবেশি দেশ থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে বান্দরবান জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম তার প্রস্তাবনা পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার প্রধানমন্ত্রীর পুরাতন সংসদ ভবনের কার্যালয়ের শাপলা হলে দুই দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করবেন।
আগামী ৯ জুলাই বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের সপ্তম অধিবেশনে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে বান্দরবান জেলা প্রশাসকের দেওয়া প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হবে।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





