বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে অধিদফতর।

সতর্কবার্তা অনুযায়ী, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে জুন মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হবে। এর জেরে সারাদেশে তাপপ্রবাহের সঙ্গে হতে পারে সপ্তাহব্যাপী বজ্রঝড়।

সংস্থাটি জানিয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। ফলে কয়েক দফায় মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। প্রায় ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা।

অধিদফতর আরও জানিয়েছে, জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। এছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

এনএইচ