ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় উপকূলীয় বন্যা, ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের ঝুঁকি রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী নিচু এলাকাগুলোতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।
ঝড়ের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলে এক লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের বড় অংশই এই অঞ্চলের বাসিন্দা।
ঝড়ের কারণে বিমান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং বাতিল করা হয়েছে ১ হাজার ১৯৯টি ফ্লাইট। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উপকূলীয় বন্যার শঙ্কা
পূর্ণিমার প্রভাবে সমুদ্রের পানির উচ্চতা বাড়ায় শনিবার উপকূলীয় বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় এরই মধ্যে বিভিন্ন সড়ক ও বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।
এনডব্লিউএস নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, উপকূলের কাছাকাছি নিচু এলাকায় সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে ক্ষয়ক্ষতি হতে পারে।
ঝড়ের প্রভাবে বিভিন্ন জনসমাগম ও বিনোদনমূলক আয়োজনও বাতিল বা স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল করা হয়েছে। ওই আয়োজনে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের মতো শিল্পীদের পরিবেশনের কথা ছিল।
এ ছাড়া নিউইয়র্ক রেড বুল ও সেন্ট লুইস সিটি এসসির মধ্যকার পেশাদার ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে। অন্যদিকে বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচটি রোববার ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নিউইয়র্কে সপ্তাহজুড়ে ঘণ্টায় ৫৫ মাইল বা প্রায় ৮৬ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এতে গাছ উপড়ে পড়া এবং বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বন্যার পানির মধ্যে দিয়ে গাড়ি চালানো কিংবা হেঁটে চলাচল না করার জন্যও সতর্ক করেছেন তিনি।
নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এনএইচ











