পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আজ রোববার রাত সাড়ে আটটা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৈরী আবহাওয়া ও প্রবল স্রোতের কারণে এ লঞ্চ চলাচল বন্ধ হয় বলে জানা যায়।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা কবির হোসেন বলেন, পদ্মা নদীতে প্রবল স্রোত থাকায় সন্ধ্যার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হওয়ায় রাত সাড়ে আটটার পর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ হলেও ওই নৌরুটে ফেরি চলাচল অব্যাহত রয়েছে। যাত্রীদের ফেরিতে পার করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান তিনি।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ