অসহায় খেলোয়াড়-কোচদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক দেশ সেরা খেলোয়াড়, সিরাজগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মাসুদ রানা।
তার জন্মস্থান নিজ জেলা সিরাজগঞ্জে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ফুটবলার, কোচ, সংগঠকদের ব্যক্তিগতভাবে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন।
শুক্রবার (২২ মে) সিরাজগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও খেলোয়াড় উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক জাতীয় দলের সাবেক ফুটবলার মহিউদ্দিন ইবনুল সিরাজী এবং খেলোয়াড় কল্যাণ সমিতির সহকারী কোষাধ্যক্ষ রেজাউল করিম রেজা ফুটবলের সঙ্গে সম্পৃক্ত সাবেক, বর্তমান খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে আর্থিক অনুদান প্রদান করেন।
সিরাজগঞ্জের কৃতি সন্তান জাতীয় দলের সাবেক তারকা মাসুদ রানা বলেন, ‘বর্তমান সংকটে ক্রীড়া পরিবারের অনেকে অসহায় হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তারা স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারছেন না। আমার সাধ্য অনুযায়ী তাদের উপহার হিসেবে কিছু টাকা দিলাম। সমাজের অন্যান্য বিত্তবানদেরকেও আমি অসহায়দের পাশে থাকার আহবান জানাই।’
মাসুদ রানার এই মহতি উদ্দ্যেগকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নাজমুল/এমবি





