আশুলিয়া-বাইপাইল মহাসড়কের মেরামত কাজে দায়িত্বে অবহেলায় ঢাকা জেলা সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী আহসান উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আশুলিয়া-বাইপাইল মহাসড়ক পরিদর্শন করতে এসে তাকে বরখাস্ত করেন।

আহসান উল্লাহর পরিবর্তে মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সবুজকে আগামি ১৫ দিনের জন্য আশুলিয়া-বাইপাইল সড়ক সংস্কারে অতিরিক্ত দায়িত্ব দেন।

মন্ত্রী আগামি ৩ দিনের মধ্যে প্রয়োজনে পাম্প বসিয়ে সড়কটির জলাবদ্ধতা দূরীকরণসহ ঈদের আগেই সড়কটি চলাচলের উপযোগী করার নির্দেশ দেন।

পরে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সারাদেশের ভেতরে আশুলিয়া-বাইপাইল সড়কের মতো খারাপ অবস্থা আর কোথাও নেই।’

এদিকে ওবায়দুল কাদেরের আগমনে আশুলিয়া-বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

বেলা ১১টা থেকে মন্ত্রীর আশুলিয়া-বাইপাইল পরিদর্শনে আসার কথা থাকলেও এর আগে থেকেই ট্রাফিক বিভাগ রাস্তায় সীমিত আকারে যান চলাচলের অনুমতি দেয়।

কিন্তু এরপরও রাস্তায় খানাখন্দক ও বেশ কিছু জায়গায় সড়ক ডুবে যাওয়ায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত ৫ মিনিটের রাস্তা হলেও প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায়।

যানজটের কারণে গাড়ি ও রিকশা না চলাচল করায় কর্মজীবীদের সড়কে পানির মধ্যে পায়ে হেঁটে চলাতে দেখা গেছে।

ঢাকা,১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর