যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার বিকাল চারটায় সংবাদ সম্মেলন ডেকেছেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর হজ, তাবলীগ জামায়াত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পর সরকারের ভেতর-রাইরে যে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মধ্যেই তিনি এই সংবাদ সম্মেলন ডাকলেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১০ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে দেশে ফিরেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার সকাল নয়টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। পরে ১০ টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রী গত ২২ সেপ্টেম্বর ৬৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান। তিনি সেখান থেকে ২৯ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে লন্ডনে যান।
বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-০০৬ হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
জেআই





