রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- জুবায়ের হোসেন রাজন (২৬) ও মো. মোরশেদ (২৪)। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এছাড়া বিজয় সরণীতে বাসের ধাক্কায় তারেক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ডেমরা থানার এসআই পঙ্কজ চন্দ্র সরকার জানান, দুপুর দেড় টায় ডেমরা তেইল্লা ষ্টাফ কোয়ার্টার সংলগ্ন রাস্তা দিয়ে সাউথ ইষ্ট ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র জুবায়ের হোসেন ও মো. মোরশেদ মোটর সাইকেলযোগে যাচ্ছিলেন। এসময় পিছন দিক দিয়ে বাহাদুর শাহ পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক বেলা আড়াইটায় মোরশেদকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিত্সার জন্য ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান জুবায়ের।
জুবায়ের ডেমরা বামইল এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। মোরশেদ তেইল্লা বালুরমাঠ এলাকার গোলাম মোস্তফা মজুমদারের ছেলে।
এসআই পঙ্কজ জানান, ঘাতক গাড়িটি আটক রাখা হয়েছে।
অন্যদিকে, সোমবার ভোরে বিজয় সরণীতে তারেক নামে এক ব্যক্তি বাসের ধাক্কায় নিহত হন। তবে পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি। নিহত তারেক যাত্রাবাড়ীর রায়েরবাগে থাকতেন।
জেআই





