জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে সকাল থেকে হরতাল চলছে।

হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকে শহর এবং উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জেলায় সড়ক ও পানিপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দোকানপাটসহ যাবতীয় ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করেছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। জেলা সদরের মোড়ে মোড়ে ব্যাপক পুলিশি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার দুর্বৃত্তদের হামলায় রাঙামাটির জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমা নিহত হন। এ ছাড়া বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাসেল মারমা শারীরিক নির্যাতনের শিকার হন। এ দুই ঘটনার প্রতিবাদে এ হরতাল পালন করছে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পুলিশ।