বৃহস্পতিবার মধ্যরাতে পাল্টাপাল্টি হামলায় ঝিনাইদহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে শুক্রবার শহরে পাল্টাপাল্টি মিছিল করেছে দুইপক্ষ।

শুক্রবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড আজিজুর রহমান ও জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনের নেতৃত্বে শহরে মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার মধ্যরাতে শহরের শিল্পকলা ভবন এলাকায় যুবলীগ নেতা আসাদুজ্জামান সুজনকে কুপিয়ে আহত করার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে যুবলীগ এই মিছিলের আয়োজন করে।

মিছিল শেষে জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন বলেন, সুজনকে যারা কুপিয়ে আহত করেছে, তাদের গ্রেফতার করা না হলে শহর অচল করে দেওয়া হবে।

যুবলীগের মিছিল ও সমাবেশ শেষে বেলা সোয়া ১২টার দিকে ঝিনাইদহ পৌনসভার মেয়র ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে লাঠি মিছিল বের হয়।

মিছিল শেষে শহরের পোস্ট অফিস মোড়ে এক সমাবেশে মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে বিনা করণে পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক তপনসহ চার ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়।

তিনি এ হামলার পেছনে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক নুরে আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকীর হাত রয়েছে বলে ঈঙ্গিত করেন।

এদিকে, যেকোনো সময় আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি হামলায় পাঁচ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে যুবলীগ নেতা আসাদুজ্জামান সুজন মেম্বর ও আওয়ামী লীগ নেতা তপন, ছাত্রলীগ কর্মী অমিত ও শিপনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা,১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর