জাতিসংঘের নীতি নির্ধারণী সংস্থা ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশনে (ইউএনডিপিও) বাংলাদেশের নাগরিকদের নিয়োগদানের অনুরোধ জানিয়েছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের সফররত আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনডিপিও-এর প্রধান হার্ভে ল্যাডসুস বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ইউএনডিপিও-এর নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের উচ্চতর পদে নিয়োগ দিয়ে বাংলাদেশি সৈন্য ও জাতিসংঘের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বাধিক সৈন্য সরবরাহকারী দেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের কর্মকর্তাদের ইউএনডিপিওর সিনিয়র পদে নিয়োগ দেয়া হলে জাতিসংঘের প্রয়োজনীয় কর্মকা- বাস্তবায়ন সহজতর হবে।

এ প্রসঙ্গে তিনি বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন শেষে ফিরে আসা বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে পরামর্শের প্রয়োজনীয়তার ওপরও গুরুতারোপ করেন।

বৈঠকে শান্তিরক্ষা অভিযান সংক্রান্ত জাতিংসঘের আন্ডার সেক্রেটারিজেনারেল যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি সৈন্য বিশেষ করে মহিলা সৈন্যদের দৃঢ় অঙ্গীকার, সাহস, পেশাদারী মনোভাব ও আন্তরিকতার প্রশংসা করেন।

বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের শক্তিশালী অংশীদার হিসেবে উল্লেখ করে হার্ভে ল্যাডসুস বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানকে সবসময়ই মূল্য দিয়ে থাকে। এ প্রসঙ্গে ইউএনডিপিও প্রধান বলেন, দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরো সৈন্য প্রয়োজন।

তিনি শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশ থেকে আরও হেলিকপ্টার, নদী পথে চলাচলকারী যান এবং অন্যান্য সরঞ্জাম নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে বাংলাদেশি শান্তিরক্ষীদের দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে ইউএনডিপিওর প্রধান গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন সম্পর্কে তার অভিজ্ঞতা বিনিময় করেন।
বৈঠকে হার্ভে ল্যাডসুস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের শুভেচ্ছা জানিয়ে বলেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অগ্রগতিতে জাতিসংঘের মহাসচিব সন্তুষ্ট।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ