প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রমের উদ্বোধন করেছেন।
মঙ্গলবার বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৩৩টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এরমধ্যে ৫টি আঞ্চলিক অফিসে মেশিন রিডেবল কার্যক্রমের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এছাড়া বাকি ২৮টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে মেশিন রিডেবল পাসপোর্টের মেসেঞ্জার মেশিনসহ অন্যান্য কাজ হলেও এখনো ছোটখাট কিছু কাজ বাকি আছে। কয়েকদিনের মধ্যেই এসব কাজ শেষ হয়ে যাবে বলে গণভবনের একটি সূত্র নিশ্চিত করেছে।
তবে প্রধানমন্ত্রী একসঙ্গে ৩৩টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এমআরপি কার্যক্রমের উদ্বোধন করেন।
পাসপোর্ট আবেদনকারীর ভোগান্তি লাঘবে সরকার ৬৪ জেলায় পাসপোর্ট অফিস তৈরি করে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার এ কার্যক্রম শুরু করায় পাসপোর্ট অফিস আরও একধাপ এগোবে বলে এর আগে বাংলানিউজ এর কাছে মন্তব্য করেছিলেন বাংলাদেশ বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।
তিনি বলেন, বাংলাদেশ বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের উদ্যোগে দেশের ৩৪টি জেলায় ৩৭টি অফিস চালু করা হয়েছে। বাকি ৩০ জেলায়ও পাসপোর্ট অফিস তৈরির জন্য জায়গা বরাদ্দ নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।
এ বছরের মধ্যেই অফিসগুলো কার্যক্রম চালু করবে বলে জানান অতিরিক্ত মহাপরিচালক।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





