ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ১০-১২ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর ভূঁইয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আবুল মনসুর ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়ার বড় ভাই। তাৎক্ষণিকভাবে আহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। উপজেলা সদরের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে।
নান্দাইল থানার অফিসার ইন চার্জ (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, বিকালে সাব রেজিস্ট্রি অফিস মাঠে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম গ্রুপের জনসভা চলছিল। সন্ধ্যা ৭টার দিকে জনসভা থেকে বক্তারা উস্কানিমূলক বক্তব্য দিলে প্রতিপক্ষ আনোয়ারুল আবেদীন তুহীন গ্রুপের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলে রাত ৮টা পর্যন্ত। এতে উভয় গ্রুপের আহত হন ১৫ জন।
প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন তুহীন গ্রুপের নেতাকর্মীদের বিরোধ চলছিল ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির দায়ে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম মনোনয়নপত্র বাতিল হলে জেলা কৃষক লীগ নেতা তুহীন মনোনয়ন পান।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে কোনো প্রার্থী না থাকায় বিনা ভোটে এমপি নির্বাচিত হন তিনি।
কেএইচ





