টাঙ্গাইলে আবদুল লতিফ সিদ্দিকীকে অবাঞ্ছিত ঘোষণা এবং তার কুশপুতুল দাহ করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়া তাকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থেকে বহিস্কার দাবি করা হয়েছে।
মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার খবরের পর মঙ্গলবার বিকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের একটি পূর্ব নির্ধারিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার খবর সংবাদ মাধ্যমে জানাজানির পর আওয়ামী লীগের একটি অংশ উল্লাস প্রকাশ করে। তারা শহরের প্রধান সড়কে লতিফ সিদ্দিকীর কুশপুতুল দাহ করে।
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের উদ্যোগে পুর্ব নির্ধারিত একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬টার দিকে।
সমাবেশে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী অলিদ ইসলাম মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে বহিস্কার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইলে অবাঞ্চিত করেন। এসময় তিনি লতিফ সিদ্দিকীকে নাস্তিক কুলাঙ্গার বলে আখ্যায়িত করেন।
শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যপদ থেকে লতিফ সিদ্দিকীকে বহিস্কারের দাবি জানান।
গত ২৮ মার্চ রাতে লতিফ সিদ্দিকী টাঙ্গাইলে তার কালিহাতীর বাসায় ডেকে নিয়ে উপজেলা বিদ্যুতের প্রকৌশলী পূর্ণ্যচন্দ্র পালকে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে টাঙ্গাইল জেলা ডিপ্লোমা প্রকৌশলীরা মন্ত্রীর বিরুদ্ধের আন্দোলনের কর্মসুচি ঘোষনা করলে লফিত সিদ্দিকী হাসপাতালে গিয়ে ঐ প্রকৌশলীর নিকট ক্ষমা প্রার্থনা করেন।
জেআই,





