মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করেছেন তার তিন আইনজীবী।
শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি ইউনিটে অন্ত্যরীণ নিজামীর সাথে সাক্ষাত করেন তারা। এসময় আইনজীবীরা ফাঁসির রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নিয়ে নিজামীর সঙ্গে কথা বলেন ও তার মতামত শোনেন।
কাশিমপুর কারাগারের হাইসিকিউরিটি ইউনিটের জেল সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১২টার দিকে তার তিন আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেন, মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট আসাদ উদ্দিন কারা ফটকে এসে দেখা করেন। তারা প্রায় আধা ঘণ্টা নিজামীর সঙ্গে কথা বলেন।
গত ২৯ অক্টোবর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে মঙ্গলবার এ রায় ঘোষণার জন্য কাশিমপুর কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রায় ঘোষণার পর বুধবার রাতেই তাকে ফের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। রায় ঘোষণার পর রায়ের বিরুদ্ধে হরতাল পালন করে জামায়াত।
গত ৩০ জানুয়ারি চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করা হয়। এরপর ২ আগস্ট তাকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার অভিযোগ আনা হয়।
জেআই





