নোয়াখালীর চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলী হোসেন (২৭) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

সোমবার রাতে চরহাজারী ইউনিয়নে আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আলী হোসেন চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাট বাজার থেকে আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় মাঠের দিকে যাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোস্তফা জানান, প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আহত আলী হোসেনকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার মাথায় গুরুত্বর জখম হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।

এআর