বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, আগামী ২৪ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচির মাধ্যমে বগুড়া অচল করে দেবে স্থানীয় বিএনপি। শনিবার আধাবেলা হরতাল শেষে দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, কারাগারে আটক বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৫ নেতাকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমেই তাদের মুক্ত করা হবে। এজন্য কঠোর কর্মসূচি দিয়ে পুরো বগুড়া অচল করে দেওয়া হবে।

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘দমন পীড়ন কর্মকাণ্ডের ফলে এই সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন  পতন সময়ের ব্যাপার ।’

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি ফজলুল বারি তালুকদার বেলাল, যুগ্ম-সম্পাদক পরিমল চন্দ্র দাস।

প্রসঙ্গত, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে রয়েছেন। তাদের মুক্তির দাবিতে স্থানীয় বিএনপি শনিবার বগুড়া জেলায় আধাবেলা হরতাল পালন করে।

এমকে