রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গে ৯ জন মারা গেছেন।
আজ (২৭ জুন) রোববার সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রোববার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৩ জন মারা গেছেন। মৃতদের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।
উপ-পরিচালক বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নওগাঁর ৪ জন ছিলেন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে নাটোরের ১ জন মারা গেছেন।
অন্যদিকে, রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নাটোর ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মাত্র ১ জন মারা গেছেন করোনায় সন্দেহভাজন হিসেবে, তার বাড়ি রাজশাহী জেলায়। সকলকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৬ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৩৫৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩৪ জন।
ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে।
দুই ল্যাবের টেস্টে মোট ৫৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৪ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৮ শতাংশ।
এমবি





