সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। র‍্যাবের ভাষ্য, নিহত দুজন বনদস্যু মাইঝ্যা বাহিনীর সদস্য।

আজ রোববার ভোরে সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খাল এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয় বলে র‍্যাবের দাবি।

ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি ১৩টি আগ্নেয়াস্ত্র ও ১০০টি গুলি উদ্ধার করার দাবি করেছে র‍্যাব।
র‍্যাবের ভাষ্যমতে, নিহত ব্যক্তিরা হলেন মাইঝ্যা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলমগীর (৩৫) ও সদস্য রিপন (৩০)।

র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির আজ সকালে ঘটনাস্থল থেকে প্রথম আলোর কাছে দাবি করেন, বনদস্যু মাইঝ্যা বাহিনীর প্রধান তার সহযোগীদের নিয়ে নন্দবালা খাল এলাকায় অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। এই খবরের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল সেখানে অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছোড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। ভোর পাঁচটা থেকে শুরু হয়ে ৪০ মিনিট পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা পালিয়ে যায়। পরে এলাকাটিতে তল্লাশি চালিয়ে দুজন বনদস্যুর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সুন্দরবনের জেলে ও বাওয়ালিরা লাশ দুটি শনাক্ত করেছেন।

নিহত দুজনের লাশ বাগেরহাটের মংলা থানায় নেওয়া হচ্ছে বলে জানায় র‍্যাব।

এএইচ