সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙলঝাড়া এলাকায় এক কলেজ শিক্ষকের  বাড়িতে এসিড ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

এতে দগ্ধ হয়েছেন শিক্ষক খলিলুর রহমানের স্ত্রী ঝর্না বেগম (৩৫),ছেলে তানভীর (৮) ও আসাদ (১১)। গুরুতর আহত অবস্থায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় ঘটনা ঘটে।

কলেজ শিক্ষক খলিলুর রহমান বলেন, রাতে আমার স্ত্রী দুই ছেলেকে নিয়ে আমাদের রুমে, আর আমি পাশের রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটি শব্দ শুনে উঠে দেখি আমাদের রুমে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। আগুনে আমার স্ত্রী ও দুই ছেলে দগ্ধ হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান।

কলারোয়া থানার ওসি মাসুদ করিম জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

এমআর