শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুগ্রুপের নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে।
রোববার সকাল ১০.৩০মি এ হাতাহাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টার দিকে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কমচারি, স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্নস্তরের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অতিথিদের বক্তব্য শুরু হওয়ার একপর্যায়ে সঞ্চালক মাইকে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে শাওন মিয়া নামে একজনকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানালে উত্তেজনা শুরু হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন তাৎক্ষণিক এর প্রতিবাদ করে বলে ওঠেন, এখানে উপজেলা ছাত্রলীগের কোনো কমিটি নেই। শাওন ছাত্রলীগের কেউ না। তাকে বক্তব্য দিতে দেওয়া যাবে না।
এনিয়ে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে প্রশাসনের কর্মকর্তারা তা নিবৃত্ত করেন এবং আওয়ামী লীগের কোনো পক্ষকেই অনুষ্ঠানে বক্তব্যের জন্য ডাকা হবে না বলে ঘোষণা দেন।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম ও সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু তাদের সমর্থক ও দলীয় নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে সভাস্থল ত্যাগ করেন। এসময় তাদের প্রতিপক্ষরাও অনুষ্ঠানস্থল ত্যাগ করলে শান্তিপূর্ণভাবে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভাটি শেষ হয়।
পরে অবশ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিজ নিজ কার্যালয়ে দলীয়ভাবে আলোচনা সভা করেছেন।
এম এ





