ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ে যখন দেশবাসী চরম অস্থিরতা ও উদ্বেগের মধ্যে আছেন, তখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে নাকি দেশের বাইরে অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, তিনি সপরিবারে মালয়েশিয়ায় পারিবারিক সফরে গিয়েছেন।
ডেঙ্গু আতঙ্ক, ডেঙ্গু জ্বর উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় বাতিল করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটিও।
মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, গত শনিবার (২৭ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সপরিবারে মালয়েশিয়া ভ্রমণে গিয়েছেন। সাতদিন পর তার দেশে ফেরার কথা রয়েছে।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রী বন্যাদুর্গতদের সাহায্যার্থে তার নির্বাচনি এলাকা মানিকগঞ্জে অবস্থান করছেন। অবশ্য মানিকগঞ্জের জেলা প্রশাসক অফিস জানে না মন্ত্রী জেলায় আছেন!
স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. ওয়াহাদুর রহমানের সই করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৫ জুলাই তারিখের একটি সময়সূচির বিজ্ঞপ্তিতে দেখা গেছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ব্যক্তিগত সফরে ২৮ জুলাই ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা করেছেন।
আগামী ৩ আগস্ট সেখান থেকে বাংলাদেশের পথে রওনা হয়ে ৪ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।স্বাস্থ্যমন্ত্রী-জাহিদ মালেক-ডেঙ্গু
বিজ্ঞপ্তিতে আরও লেখা আছে, মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী শাবানা মালেক এবং মেয়ে সাদেকা মালেকও ওই সফরে থাকছেন। তাদের জন্য ২৭ জুলাই থেকে দ্য ওয়েস্টিন কুয়ালালামপুর হোটেলে কক্ষ বুক করাও হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭৪ জনসহ দেশের ৬৩ জেলায় নতুন ১ হাজার ৩৩৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে ৪ হাজার ৪০৮ জন রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরে এই পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ১৫ হাজার ৩৬৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এএস





