মেহেরপুরে চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে মরজিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সদর উপজেলার উজুলপুর বাজারে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। মরজিনা উজুলপুর গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে মরজিনার কলহ চলছিল। মঙ্গলবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়।

এর জের ধরে উজুলপুর বাজারে মরজিনা মেহেরপুর থেকে কাথুলীগামী একটি চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দেন। এ সময় ট্রাকের নিচে পিষ্ঠ হয়ে তিনি আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও শ্বশুরের পরিবারের লোকজন পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমকে