খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি নামে একটি সংগঠণ।
মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচী ঘোষণা করেন সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটির সদস্য ও লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা দয়াধন।
বিবৃতেতে বলা হয়, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যানের মুক্তি জোরদার করতে মঙ্গলবারে লক্ষ্মীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্যপ্র মারমাকে আহবায়ক ও মহিলা ভাইস চেয়ারম্যান বেবি রানী বসুকে সদস্য সচিব করে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ১২৭ সদস্য বিশিষ্ট সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি গঠন করা হয়।
বিবৃতিতে মঙ্গলবার বিকালে লক্ষীছড়ি উপজেলায় সুপার জ্যোতি চাকমার উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিনা উসকানিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের ক্যাডার কর্তৃক লাঠিসোঁটা নিয়ে হামলা, ইটপাটকেল নিক্ষেপ করে শতাধিক সাধারণ জনগণকে আহত করার অভিযোগ করা হয়।
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ১টায় নিজ বাসভবন থেকে ইউপিডিএফ সমর্থিত লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ আটক করে যৌথবাহিনী। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে হাজির করলে আদালত জামিন আবেদন নামন্জুর করে কারাগারে প্রেরণ করে।
আবু বকর/এমই





