নোয়াখালী শহরের মাইজদী বাজার অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ডুকে তিন সহকারী শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতির শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার সকালে নোয়াখালী টাউন হল মোড়ে প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম এবং জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, গত মঙ্গলবার ক্লাস চলাকালীন বিকাল ৩টার দিকে বিদ্যালয় সংলগ্ন বাজিগর বাড়ির একটি ছেলে মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় শিক্ষক পিন্টু আচার্য্য বাঁধা দিলেও ছেলেটি কর্ণপাত না করায় অপরাপর শিক্ষকরা তাকে শিক্ষক মিলনায়তনে ডেকে শাষিয়ে দেয়। পরে সে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তার ভাই সাগরের নেতৃত্বে বিকাল সাড়ে ৩টার দিকে ৪০-৫০জন বখাটে লাঠিশোঠা নিয়ে এসে শিক্ষক মিলনায়তনে ডুকে হামলা চালায়।

তারা মিলনায়তনে থাকা তিন শিক্ষককে বেদড়ক মারধর করলে শিক্ষক পিন্টু আচার্য্যরে মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়া গুরুতর আহত হয় অপর দুই শিক্ষক আবুল কাশেম ও গিয়াস উদ্দিন। আহত তিন শিক্ষককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কেএইচ