কক্সবাজারে টেকনাফ উপজেলায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে বিজিবির আরও তিন সদস্য।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের পূর্ব লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।
নিহতরা হলেন উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২ এর বাসিন্দা মো. ইসলামের ছেলে মো. কামাল (২২) এবং হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার আবু শামার ছেলে মো. হাবিবুর রহমান (২৩)।
জানা যায়, মাদকের একটি বড় চোরাচালান হচ্ছে গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পূর্ব লেদা হাইস্কুল সংলগ্ন খালে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন লোককে সামনের দিকে আসতে দেখলে বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করে। তখন মাদক কারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এতে বিজিবি সদস্য মফিজুর রহমান (২৪), উজ্জ্বল হোসেন (২৬) ও ইমরান হোসেন (২৪) আহত হন। তখন বিজিবিও পাল্টা গুলি চালালে সশস্ত্র মাদক কারবারীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে অস্ত্র ও ইয়াবাসহ গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের পরিচয় শনাক্ত করে।
এই ব্যাপারে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রুবায়েদ গণমাধ্যমকে জানান, বিজিবির মাদক উদ্ধার অভিযানে গোলাগুলিতে উভয়পক্ষের ৫ জন আহত হন। এ সময় মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় দুই মাদক কারবারীর মৃত্যুর ঘটনা ঘটে। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।
জেড





