মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছয়দিনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। বুধবার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ শনিবার ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় নাসিমন ভবন চত্বরে আলোচনা সভা, সকাল ১০টায় রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়ার প্রথম কবরে পুষ্পস্তবক অর্পণ। দুপুর ১২ টায় ঐতিহাসিক বিপ্লব উদ্যানের বেদিতে পুস্পস্তবক অর্পণ। বাকি পাঁচদিন নরগীর ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর সেই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকামী জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপকার।
সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, নির্যাতন, নীপিড়ন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, অগণতান্ত্রিক সরকারের আচরণে দেশের মানুষ অতিষ্ঠ দেশের দুর্নীতি-দুঃশাসন, নীপিড়ন, নির্যাতনের বিরুদ্ধে বিএনপির গণতান্ত্রিক আন্দোল চলছে।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে কেন্দ্রিয় বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, মোহাম্মদ আলী, শেখ নুরুল্লাহ বাহার, এস এম সাইফুল আলম, আর ইউ চৌধুরী শাহীন, আনোয়ার হোসেন লিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
এম আর





