যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টায় পুলিশ স্থানীয় একটি ক্লিনিক থেকে আহত ৪ জনের মধ্যে ৩ জনকে আটক করে।
আটকরা হলেন, শার্শা উপজেলার গোগা গ্রামের মকবুল ধোপার ছেলে কাশেম আলী (৪৫), রহমতপুর গ্রামের কুদ্দুস শরিফের ছেলে লুৎফর রহমান (৩০) ও দক্ষিণ বারোপোতা গ্রামের গনি মোড়লের ছেলে ইব্রাহিম (২৮)।
অপর আহত বেনাপোলের শিবনাথপুর বারোপোতা গ্রামের আফসার উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন (৩৫) গোপনে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, বিকেল ৪টার দিকে বেনাপোলের বারোপোতা গ্রামের আশরাফের বাড়িতে বসে ওই ৪ জন বোমা বানাচ্ছিলেন। এ সময় একটি বোমার বিস্ফোরণ হলে কাশেমের দুটি হাত উড়ে যায় ও আশরাফের দেহ ঝলসে যায়। আহত হয় বাকি ২ জন।
গুরুতর জখম অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে গোপনে চিকিৎসা দিতে উপজেলার বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করে। পরে খবর পেয়ে পুলিশ ক্লিনিক থেকে আহত ৩ জনকে আটক করে। পরে তাদের মধ্যে কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশি নিরাপত্তায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত-ওসি) রফিকুল ইসলাম ঘটনার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





